ফুলপুর ও হালুয়াঘাট ৫৩ ঘন্টা অন্ধকারে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৪
ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলা টানা ৫৩ ঘন্টা বিদ্যুিবহীন অন্ধকারে থাকার পর গত বৃহস্পতিবার সকাল ১১ টায় পুনরায় বিদ্যুত্ সরবরাহ চালু হয়েছে। গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুরে ৩৩ কেভি গ্রিড লাইনের ৮টি খুঁটি বিধ্বস্ত হয়ে এই বিদ্যুত্ বিপর্যয়ের ঘটনা ঘটে। ফলে এই দুই উপজেলার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিদুত্যের অভাবে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জ বিকল হয়ে পড়ে, মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন সুষ্টি হয়, অধিকাংশ গ্রাহকের মোবাইল ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে যায়। এতে কার্যত টেলিযোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ফুলপুর ও হালুয়াঘাট। এ সুবাদে কতিপয় সুযোগ সন্ধানী জেনারেটর দিয়ে প্রতি মোবাইল চার্জ করা বাবদ ২০ টাকা করে হাতিয়ে নেয় বলে খবর পাওয়া গেছে। মোবাইল অপারেটর কোম্পানিগুলো জেনারেটর দিয়ে তাদের নেটওয়ার্ক সচল করার চেষ্টা করে। অফিস, ব্যাংক-বীমা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। ফুলপুর বিদ্যুতের আবাসিক প্রকৌশলী শফিকুল ইসলাম ইত্তেফাক সংবাদদাতাকে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, বুধবার দুপুরে বিদ্যুত্ সচল হবে; কিন্তু সচল হল তার একদিন পর।