ত্রিদেশীয় সিরিজ

বোলারদের দারুণ প্রত্যাবর্তন

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৭

মাত্র ২ উইকেটে ২০৫ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হোপ টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে চোখ রাঙাচ্ছিলেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের সঙ্গে সেভাবে পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ। যদিও মুস্তাফিজুর রহমান আরো একটা ম্যাচে দু হাতে রান বিলালেন। তারপরও ওয়েস্ট ইন্ডিজকে ২৬১ রানে আটকে রাখতে পারল বাংলাদেশ।

আগের ম্যাচে হোপের সঙ্গে মিলে বিশ্বরেকর্ড করেছিলেন ওপেনার জনসন ক্যাম্পবেল। পিঠের ব্যথার কারণে এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তারপরও প্রমোশন পেয়ে ওপেনার হয়ে যাওয়া অ্যাম্ব্রিসকে নিয়ে ভালো একটা শুরু করেছিলেন হোপ। উদ্বোধনী জুটিতে ৮৯ রান তোলেন তারা। অ্যাম্ব্রিসকে ৩৮ রানে ফেরান মিরাজ এবং পরের ওভারে দূরন্ত বল করা সাকিব তুলে নেন ব্রাভোর উইকেট। এরপর রোস্টন চেজকে নিয়ে ১১৫ রানের জুটি করেন হোপ। দু জনকেই ফেরান মাশরাফি। মাশরাফি এরপর আরো এক উইকেট নেন। শেষ পর্যন্ত ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। সাইফউদ্দিন ৪৭ রানে নেন ২ উইকেট। সাকিব ১০ ওভারে ৩৩ রান খরচ করেছেন; ১ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। কিন্তু তিনি ১০ ওভারে ৮৪ রান দিয়ে লাগামটা ঢিল করে দিয়েছিলেন।  

এই ম্যাচে সেঞ্চুরি করার ভেতর দিয়ে দুই হাজার রান পার করে ফেলেছেন হোপ। উইন্ডিজের হয়ে সবচেয়ে কম ৪৭ ইনিংসে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সেই হোপ। স্যার ভিভ রিচার্ডসের ৪৮ ইনিংস ছিল আগের রেকর্ড।

উইন্ডিজের হয়ে সবচেয়ে কম সময়ে দুই হাজার ওয়ানডে রান পূরণ করার নতুন রেকর্ডও এখন হোপের। অভিষেকের ২ বছর ১৭৩ দিনের মাথায় ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আগের রেকর্ড ছিল ব্রায়ান লারার, ২ বছর ৩৬১ দিন।