বিশ্বকাপ ২০১৯

‘বোলার’ মাহমুদউল্লাহকে নিয়ে চিন্তিত মাশরাফি

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৯

নিউজিল্যান্ড সফর থেকেই কাঁধের চোট নিয়ে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশে ফেরার পর এমআরআই করলে ধরা পড়ে ‘গ্রেড থ্রি’ টিয়ার। কাঁধের এই চোট নিয়ে ব্যাটিংয়ে সমস্যা নেই। তবে বোলিং, থ্রোয়িংয়ে বড় ঝুঁকি রয়েছে।

এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেননি মাহমুদউল্লাহ। তবে বিশ্রাম নিয়ে খুব একটা লাভ হয়নি। এখনো বোলিং করার মতো অবস্থায় আসেনি তার কাঁধ। এমনকি থ্রোয়িংয়েও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। লম্বা থ্রো করতে পারবেন না। ৩০ গজ বৃত্তের ভেতরই তাকে ফিল্ডিং করতে হবে।

ঠিক কবে থেকে মাহমুদউল্লাহ বোলিং শুরু করতে পারবেন তারও নিশ্চয়তা নেই। এটুকু নিশ্চিত চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অন্তত তার বোলিং করা হচ্ছে না।

অভিজ্ঞ অফস্পিনার মাহমুদউল্লাহকে বোলিংয়ে না পাওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ডাবলিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন যা অবস্থা ওর কাঁধের, তাতে এই টুর্নামেন্টে ওর বোলিং করার চান্সই দেখি না। বিশ্বকাপেও করতে পারে কিনা, এ নিয়ে টেনশনে আছি। রিয়াদ বোলিং করতে না পারা মানে অনেক কিছু মাথায় রাখতে হয়। কারো খারাপ দিন আসতে পারে, কারো ইনজুরি হতে পারে। কাজ চালানোর জন্য তখন বিকল্প ভাবতে হয়।’

একাদশে সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার ঠিক করতে তাই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের অধিনায়ককে। মাশরাফি বলেছেন, ‘সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে কে খেলবে, সেটি ঠিক করতে গেলেও ভাবতে হয় রিয়াদ বোলিং করতে পারবে না। রিয়াদ বোলিং করতে পারলে একরকম, না পারলে আরেকরকম। মোসাদ্দেককে দলে নেব কি না, নাকি সৌম্য বা সাব্বিরকে দিয়ে কাজ চালাব, এসব ভাবতে হয়।’

টিম ম্যানেজমেন্টের সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ লিখেছে, কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের টেবিলে যেতেই হবে মাহমুদউল্লাহকে। চোটটা ভাবাচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারকেও। তবে বিশ্বকাপে বোলিং করার আশা এখনই ছাড়ছেন না তিনি।

বিডিনিউজকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ব্যাটিং করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বোলিং করতে গিয়ে যদি কাঁধের অবস্থা খারাপ হয়, তাহলে ব্যাটিংয়েও প্রভাব পড়তে পারে। এজন্য বোলিংয়ে কোনো ঝুঁকিও নিতে চাই না। এখনো চেষ্টাই করছি না বোলিংয়ের। তবে বিশ্বকাপে যদি খুব প্রয়োজন হয়, অন্তত কয়েক ওভার করতে পারি, সেই আশা ছাড়ছি না। অধিনায়কের সঙ্গে কথা হয়েছে এসব নিয়ে। দেখা যাক।’

বোলিং নিয়ে মাহমুদউল্লাহকে কোনো চাপও দিতে চান না মাশরাফি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা অবশ্যই রিয়াদকে চাপ দেব না বোলিং করতে। কারণ কোনোভাবেই চাই না বোলিং করতে গিয়ে কাঁধের অবস্থা আরো খারাপ হোক বা ব্যাটিংয়ে প্রভাব পড়ুক। বোলিং পুরোপুরিই ওর ওপর। যখন বলবে যে বোলিং করতে পারবে, তখনই আমি ওকে বোলিংয়ে ডাকার কথা ভাবব।’

আরো লম্বা সময় মাহমুদউল্লাহর বোলিং সার্ভিসটা আশা করছে না বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের শেষদিকে স্পিনারদের ভূমিকা বাড়তে পারে। সেখানে তার অভিজ্ঞতা কাজে লাগানোর আশা ছাড়ছে না বাংলাদেশ।  —বিডিনিউজ