নাগেশ্বরীতে রাসায়নিক ছিটিয়ে ফসলের ক্ষতি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৬
নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জের ধরে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ছিটিয়ে ৫ একর জমির ধান ও পাটক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক। উপজেলার সাপখাওয়া গ্রামের আনছার আলী বেপারী, মহিরউদ্দিন বেপারীর সাথে একই গ্রামের আজিজার রহমান, আলতাফ হোসেন ও আকরামের ওই জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ এপ্রিল রাতে আনছার আলীর দখলে থাকা ১.১৫ একর জমির ধান, ৩৭ শতক জমির পাট ও মহিরউদ্দিনের দখলে থাকা ২ একর জমির ধান এবং ১ একর জমির পাটক্ষেতে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ছিটিয়ে দিলে পরদিনের মধ্যে শীষ আসা ধানের গাছ ও পাটক্ষেত সম্পূর্ণভাবে ঝলসে যায়। ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিকরা গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ব্যাপারে অভিযোগ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ফসলের জন্য ক্ষতিকারক এমন রাসায়নিক দ্রব্য মাত্রাতিরিক্ত প্রয়োগ করে এ ক্ষতিসাধন করা হয়েছে। ইতোমধ্যে সরেজমিন ঘুরে এসে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।