জামায়াতের এজেন্ডা বাস্তবায়নেই হেফাজতের আত্মপ্রকাশ :-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২১:১৫
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। কেউ স্বাধীনতা বিরোধীদের রক্ষা করতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাত্ করতে জামায়াতে ইসলাম দেশব্যাপী যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তা কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পৃথক নামে আত্মপ্রকাশ করেছে। তাদের গতিবিধি লক্ষ্য রাখছে সরকার। মন্ত্রী আরো বলেন, সরকার হেফাজতে ইসলামের ঘোষিত ১৩ দফা দাবিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সরকার জলদস্যু দমনে সকল প্রকার পদক্ষেপ নেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবনে বিজিবি কোস্টগার্ডের তত্পরতার কারণে জলদস্যুদের অত্যাচার অনেকাংশে হ্রাস পেয়েছে। জেলে বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ, জলসীমা রক্ষা, এবং সমুদ্র সীমান্তে বিজিবির আধিপত্য বিস্তারে এই প্রথম ভাসমান বিওপি ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নীলডুমুর ৩৪ বিজিবির আওতাধীন খোলপেটুয়া নদীতে ভাসমান বিওপি-১ এর শুভ উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ মোস্তাক, খুলনা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দিদার আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মো: আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কৃতি সাইক্লিস্ট নাটোরের বাসিন্দা সিপাহী আনোয়ার হোসেনের পিতা আবেদ আলীর হাতে স্বরাষ্ট্রমন্ত্রী ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।