দীর্ঘকাল ধরেই সিলেটবাসীর একটা স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেট আসবে তাদের শহরে। অবশেষে সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছে সিলেট। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সম্ভাব্য ভেন্যু হিসেবে গতকাল সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির একটি প্রতিনিধি দল। তারা মাঠে গিয়ে আন্তর্জাতিক ভেন্যু হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে দেখেন। আজ শুক্রবার তারা প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট ম্যানেজার ক্রিষ্ট্যাটলি, টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হক খান, আইসিসির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্লাইভ হিচকক, ফিকার সেক্রেটারি ইয়াং স্মিথ ও ব্রড কাষ্টার পল ঘোষ।
এই পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন, এনায়েত হোসেন সিরাজ, জালাল ইউনুস, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পৌঁছলে তাদের স্বাগত জানান সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রতিনিধি দলের সদস্যরা খেলার মাঠ ছাড়াও অন্যান্য সুবিধাবলী পরিদর্শন করেন।
দেড় ঘণ্টা ব্যাপী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সবার পক্ষ থেকে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় জালাল ইউনুস আশা প্রকাশ করে বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা আশা করি সিলেট বিভাগীয় ভেন্যু দেখে সন্তুষ্ট হবেন। তারা গিয়ে আইসিসির কাছে রিপোর্ট পেশ করবেন। এরপরই হয়তো মিলবে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি।’
