ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪০

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ক্রিস গেইলকে সহঅধিনায়ক মনোনীত করা হয়েছে। গেইল এই বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আগেই জানিয়ে রেখেছেন।

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় গেইল। ২৮৯ ম্যাচে তার মোট রান ১০,১৫১। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে যে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন, সেটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস।

২০১০ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করেছেন গেইল। এবার আবার তাকে করা হলো সহঅধিনায়ক। এই ঘোষণার পর গেইল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে যে কোনো ফরম্যাটে খেলাটাই অসম্ভব সম্মানের একটা ব্যাপার। সেই সাথে বিশ্বকাপ আমার জন্য সবসময় বিশেষ কিছু। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সবসময়ই অধিনায়ককে এবং দলের বাকিদের সহায়তা করা আমার দায়িত্ব। এটা সম্ভবত খুব বড় একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। ফলে এই বিশ্বকাপে আমাদের নিয়ে অনেক প্রত্যাশা থাকবে। আমি জানি, আমরা সবাই ওয়েস্ট ইন্ডিজের লোকদের প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।’

ক্রিস গেইল, আন্দ্রে রাসেলসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলছেন না। এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ মে। এরপর একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ দল চলে যাবে ইংল্যান্ডে। সেখানে দলের সাথে যোগ দেবেন গেইল ও অন্য সিনিয়ররা।