শিরোপার নিষ্পত্তি শেষদিনে

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪২

কল্পনাতীত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের নিষ্পত্তির জন্য আগামী রবিবার শেষদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলামোদীদের।

প্রিমিয়ার লিগ চালুর পর এ নিয়ে কেবল আটবার শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি শেষদিনে গড়ালো। যদিও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গত সোমবার ভিনসেন্ট কোম্পানির এক মাত্র গোলে লেস্টার সিটিকে হারানোর পর টানা দ্বিতীয়বারের মতোই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। লেস্টারের বিরুদ্ধে জয়ের সুবাদে সিটি প্রতিদ্বন্দ্বী লিভারপুলের চাইতে এক পয়েন্টে এগিয়ে থাকলো।

ম্যানচেস্টার সিটি আগামী রবিবার লিগের শেষ রাউন্ডে ব্রাইটনের মাঠে জিতলে ষষ্ঠবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগটির শিরোপা তুলে নিবে। এমনকি শেষ খেলায় লিভারপুল যদি নিজ মাঠে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে জেতেও।

চলতি মৌসুমে এ নিয়ে ৩২বার শীর্ষস্থানে পরিবর্তন হয়েছে। কখনো লিভারপুল কখনো সিটি, এভাবেই এগিয়ে গেছে এবারের লিগটি। মূলত আগে পরে খেলার কারণে দলদুটির মধ্যে শীর্ষ আসন নিয়ে এমন ওলটপালট চলতে থাকে। যদিও একটা সময়ে লিভারপুল সিটির চাইতে সাত পয়েন্টে এগিয়ে ছিল।

কোচ পেপ গার্দিওলার সিটি টানা ১৩টি খেলায় জিতে শিরোপা ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে। অপরদিকে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল শেষ আট খেলায় জয় ধরে রাখে। স্নায়ুর লড়াইয়ে দুটি ক্লাবই সমানে পাল্লা দিয়ে চলেছে। এর মধ্যে লিভারপুল সর্বশেষ নিউক্যাসলের মাঠে ৩-২ গোলে জিতেছে ৮৬তম মিনিটের লক্ষ্যভেদে।

গত সোমবার সিটিকে জেতানো অধিনায়ক কোম্পানির গোলটি আসে ৭০তম মিনিটে। দূরপাল্লার এক তীব্র শটে গোলটি করেন তিনি। যদিও কোচ তাকে জোরে শট নিতে বারণ করেছিলেন। কিন্তু কোচের কথা না শুনেই গোলটি করেন চলতি মৌসুমে অনিয়মিত খেলা কোম্পানি। ২০১৩ সালের পর এই প্রথম বেলজিয়াম ডিফেন্ডারটি পেনাল্টি বক্সের বাইরে থেকে বল জালে পাঠালেন।

এ জয়ের পর সিটির খেলোয়াড়রা নিজেদের মাঠে দর্শকদের সামনে বিজয়ীর মতোই মাঠ প্রদক্ষিণ করেন। তবে এরপর দ্রুতই তারা রবিবারের খেলাটির দিকে মনোযোগ নিবদ্ধ করেন।

কারণ ব্রাইটন বর্তমানে পয়েন্ট টেবিলে ১৭তম স্থানে থাকলেও সর্বশেষ খেলায় দলটি আর্সেনালের মাঠে গত রবিবার ১-১ গোলে ড্র করতে সক্ষম হয়। সিটি কোচ গার্দিওলা খেলা শেষে বলেন, ‘এক খেলা বাকি আছে এবং এটাও আজকের মতোই কঠিন হবে। আমরা বিপক্ষের মাঠে খেলবো। আমরা দেখেছি ব্রাইটন একটা ভালো ম্যাচ খেলেছে আর্সেনালের বিরুদ্ধে।’

গার্দিওলা অবশ্য বলেছেন, ‘তবে ভুলে যাবেন না, এটা আমাদের হাতে। এখানে লিভারপুলের কাছে হেরে গেলে আমরা ১০ পয়েন্টে পিছিয়ে যেতাম। আমরা সাত পয়েন্ট পেছনে ছিলাম। এখন আমরা শেষ খেলায় উপনীত এবং এটা আমাদের হাতেই আছে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছি।’

লিভারপুল ৯৪ পয়েন্টে আছে এবং পুরো লিগ মৌসুমে কেবল এক খেলায় হেরেছে। কাজেই সিটি চ্যাম্পিয়ন হয়ে গেলেও রানার্স আপ হিসেবে লিভারপুলের কৃতিত্ব হবে প্রিমিয়ার লিগের ইতিহাসে বেশি পয়েন্ট পাওয়া দ্বিতীয় স্থানে থাকা দল হিসেবে।

নিজেদের মাঠে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সিটি এ পর্যন্ত ১০০ গোল করেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগে কোনো এক মৌসুমে নিজ মাঠে কোনো দলের এটাই বেশি গোলের রেকর্ড।