ছিটকেই গেলেন নোর্টজে

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৫

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ইনজুরির সঙ্গে লড়াই করেই পারছে না। তাদের চার জন ফাস্ট বোলার ইনজুরিতে ভুগছিলেন। এর মধ্যে অ্যানরিক নোর্টজে গতকাল বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। পোর্ট এলিজাবেথে অনুশীলনে এই ইনজুরিতে পড়েছিলেন নোর্টজে। তার ডান হাতের বৃদ্ধাঙুলি ভেঙে গেছে বলে জানা গেছে। পুরোপুরি সেরে উঠতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। নোর্টজের বদলে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ডক্টর মোহাম্মেদ মুসাজি বলেছেন, এই ইনজুরি খুব দুর্ভাগ্যজনক, ‘গত সোমবার অ্যানরিক নতুন করে ডান হাতের আঙুলি ভেঙে ফেলেছে। সে সঙ্গে সঙ্গেই একজন সার্জনের সঙ্গে আলাপ করে অস্ত্রপচার করিয়েছে। তাকে দুর্ভাগ্যজনকভাবে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। ফলে তাকে বিশ্বকাপে আর পাওয়া যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক ও ভূতুড়ে একটা ইনজুরি। সে সম্প্রতিই কাঁধের ইনজুরি থেকে সেরে উঠেছিলো।’

নোর্টজের বদলে দলে ডাকা হয়েছে অলরাউন্ডার ক্রিস মরিসকে। ৩২ বছর বয়সী মরিস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর।