ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৭

টানা দুদিন দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। রবিবার উত্থাপনের পর সোমবার ও মঙ্গলবার বড় দরপতন হয়েছে দুই বাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৬৪ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক বক্তব্য এবং বিএসইসির কিছু পদক্ষেপের কারণে বাজারে আস্থা ফিরে এসেছিল। কিন্তু পর পর দুদিন দরপতনে আবার উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির ১২ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৬৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩৩ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৬৪৮ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ পয়েন্ট কমে ৫২৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৮৬১ দশমিক ৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ১৭ পয়েন্ট কমে ১২২২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— ফরচুন সুজ, পাওয়ার গ্রিড, বিএসসি, স্কয়ার নিট কম্পোজিট, মুন্নু সিরামিক্স, ইন্দো-বাংলা ফার্মা, ফাইন ফুডস, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার ও গ্রামীণফোন।

ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— ইবিএল, বিডি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, আইসিবি ৩য় এনআরবি মি. ফা., প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., কে অ্যান্ড কিউ, শ্যামপুর সুগার, কাট্টালি টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও নরদার্ন জুট।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার থেকে লভ্যাংশ তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপ বেড়েছে। এজন্য সূচক নিম্নমুখী হয়েছে। অব্যাহত দরপতনের পর গত সপ্তাহের চতুর্থ দিন বুধবার থেকে বাজার ঘুরে দাঁড়ায়। রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ দশমিক ১৫ পয়েন্ট বাড়ে। কিন্তু সোমবার ও মঙ্গলবার সেই সূচক ১০৫ পয়েন্ট কমে গেছে। বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯০ শতাংশ বা ৬ টাকা ৬০ পয়সা কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফিন্যান্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৭ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। ইয়াকিন পলিমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমেছে।