এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৮

ফ্রিজ ও কম্প্রেসরে ক্ষতিকারক এইচএফসি গ্যাস ফেজ আউট প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি। তাদের প্রত্যাশা বিশ্ব উষ্ণায়ন রোধের ক্ষেত্রে এ প্রকল্প একটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশ সরকারের পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে প্রকল্পটি বাস্তবায়নে ইউএনডিপি এবং ওয়ালটন সমপরিমাণ অর্থ ব্যয় করছে। গত রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিস কয়োকা ইউকোসুকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডির অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ, পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব শামসুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ইউএনডিপির কেমিক্যাল ও মন্ট্রিল প্রোটেকল বিষয়ক জাতীয় পরামর্শক আশরাফুল আম্বিয়া প্রমুখ। এক বছর মেয়াদি ওই প্রকল্পের আওতায় ওয়ালটন কারখানা এবং সার্ভিস সেন্টারে ফ্রিজ এবং কম্প্রেসর থেকে পুরোপুরি এইচএফসি ফেজ আউট করে গ্রিন হাইড্রোকার্বন টেকনোলজির ব্যবহার নিয়ে কাজ চলছে। প্রকল্পে এইচএফসি-১৩৪এ রেফ্রিজারেন্টের পরিবর্তে পরিবেশবান্ধব এইচসি-৬০০এ (আইসোবিউটেন) রেফ্রিজারেন্ট ব্যবহার করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে বায়ুমণ্ডলে বাত্সরিক প্রায় ২৩০ মেট্রিক টন এইচএফসি গ্যাসের নিঃসরণ রোধ হবে। এর মাধ্যমে বাত্সরিক প্রায় ৩ লাখ ৩০ হাজার টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কয়োকা ইউকোসুকা বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধকল্পে এই প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং বেসরকারি খাতে পার্টনারশিপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন কারখানায় আমরা শতভাগ কমপ্লায়েন্স রক্ষা করি। পরিবেশ সুরক্ষায় আমরা অতি যত্নশীল। তিনি এ প্রকল্পে সহযোগিতার জন্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইআরডিসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ইউএনডিপিকে ধন্যবাদ জানান।