বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য উত্পাদন ও বিপণন করা এবং ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার রোজার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।
আইন অমান্য করে লাইসেন্স ছাড়া মুড়ি, আইসক্রিম, মুগডাল, চিড়া ভাজা, ডালভাজা, ফুলক্রিম মিল্ক পাউডার, পাউরুটি, বিস্কুট, আমদানিকৃত ম্যাংগো জুস, ফার্মেন্টেড মিল্ক (দই) উত্পাদন, আমদানি ও বিপণন করার অপরাধে মতিঝিলের অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর, ডিসেন্ট পেস্টি সপ, নিউ ইউসুফ বেকারি, শাহজাহানপুরের বাবুল ডিপার্টমেন্টাল সুইটস অ্যান্ড বেকারি, বনানীর গ্রীনল্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় গুলিস্তান এলাকার দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও কাপ্তান বাজার এলাকার জিরা পণ্যের লেবেলে ওজন, মূল্য, উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং তারপিন তেল পণ্যের গায়ে ওজন, মূল্য, উত্পাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
