পটুয়াখালীতে হাসপাতালে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২১
সন্ত্রাসী দলে যোগ না দেয়ায় গত বৃহস্পতিবার রাতে কতিপয় সন্ত্রাসী পটুয়াখালী হাসপাতালে ঢুকে চিকিত্সাধীন এসএসসি পরীক্ষার্থী শহীদুলকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করেছে। রাত ৯টার দিকে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ঢুকে সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ জুম্মন নামে একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। আহত শহীদুল জানান, শহরের কাঠপট্টি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দলে যোগ না দেয়ায় বুধবার তাকে কুপিয়ে গুরুতর আহত করলে সে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাতে আবার একই সন্ত্রাসীরা হাসপাতালে এসে তাকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ এসে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি রক্তমাখা রামদা উদ্ধার করলেও ঘটনাস্থল থেকে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। পরে জুম্মন নামে একজনকে গ্রেফতার করে। এদিকে হাসপাতালের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঘটনায় রোগী, চিকিত্সক ও নার্সদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।