মহালছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএনজির ভাড়া দেয়াকে কেন্দ্র করে এক ছাত্রলীগ কর্মী ও এক ছাত্রদল কর্মীর বাক-বিতণ্ডা হলে ঘটনার সূত্রপাত হয়। বাক-বিতণ্ডার খবরটি বিএনপি-আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে উভয়েই সংঘবদ্ধ হয়ে এগিয়ে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় দলের কমপক্ষে ৩ জন আহত হয়। আহতরা হলেন: মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল দাস হূদয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো. হাসান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস। আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে উভয়কে ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী টহল জোরদার করা হয়েছে। ঘটনার জন্য উভয়দল একে অপরকে দায়ী করেছে।
