পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের দত্তবাড়ি গ্রামে বাল্যবিয়ে রেজিস্ট্রিকালে ফোরকানুল হানিফ (৪৫) নামের এক কাজীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে তাকে আটক করা হয়। ফোরকানুল হানিফ উপজেলার আফরা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, ঘটনার দিন রাতে দত্তবাড়ি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে মনিরা খাতুনের সাথে তার চাচাতো ভাই একই গ্রামের আবু বকরের ছেলে মানজারুল ইসলামের বিয়ে হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ জহুরুল ইসলামের বাড়িতে উপস্থিত হলে ছেলে-মেয়ে ও তাদের অভিভাবক পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বাল্যবিয়ে রেজিস্ট্রি করতে আসা কাজী ফোরকানুল হানিফকে আটক করে পুলিশ। ছেলে-মেয়ের বয়স জানতে চাইলে ওসি শাহীদ মাহমুদ জানান, পালিয়ে যাবার কারণে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, তাদের বয়স ১৩-১৬ বছরের মধ্যে।
