সিরাজগঞ্জ-ঢাকা রুটে ৫ দিন ধরে লোকাল বাস চলাচল বন্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৩
টাঙ্গাইল বাস শ্রমিকদের সাথে সিরাজগঞ্জ বাস শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ এম.এ মতিন পৌর বাসটার্মিনাল থেকে ঢাকা রুটে ৫ দিন যাবত লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। তাদেরকে অধিক টাকা খরচ করে সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ রোড ও কড্ডার মোড় থেকে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে। এ ঘটনায় গত ৫ দিন যাবত বেকার হয়ে পড়েছে প্রায় শতাধিক শ্রমিক। তবে সিরাজগঞ্জ শহরের এস.আই অভি ও স্টারলিড এন্টারপ্রাইজের ব্যক্তিগত কাউন্টার থেকে ঢাকা রুটে বাস চলাচল করছে। সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, টাঙ্গাইল জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কোন কারণ ছাড়াই সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লোকাল বাস চলাচল বন্ধ করে দেয়। সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার অতি উত্সাহী কিছু শ্রমিকরা সিরাজগঞ্জ থেকে চলাচলকৃত লোকাল বাসগুলো ঢাকা যেতে বাধা প্রদান করে। এতে উভয় শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।