লক্ষ্মীপুরে ৪ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত, সড়ক অবরোধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৩
লক্ষ্মীপুরে ৪ জনসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন মারা গেছে। এর মধ্যে রাজবাড়িতে স্কুলছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পূর্ব মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো:মো.মহিউদ্দিন, তার ছেলে মো. ইউসুফ ও মো. শাহজাহান। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দত্তপাড়া বাজার থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী একটি অটোরিকশা রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী পূর্ব বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও অপর ৫ জন আহত হয়। অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে জেলার কমলনগর উপজেলার গনিপুরে ট্রাক্টরের চাপায় রুহুল আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় মিজান নামের আরও একজন আহত হন। এদিকে শুক্রবার সকালে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আলাদীপুর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণীর ছাত্র ইয়াসিন মোল্লা মর্মান্তিকভাবে নিহত হয়। ঘটনাস্থলে স্পীড ব্রেকারের দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ আড়াই ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের আউলিয়াপুর এলাকায় বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলের চাপায় নিহত হন আ.ছত্তার খান নামে একজন পথচারী। এঘটনায় গুরুতর আহত হন চালক সাব্বির আহম্মেদ ও আরোহী তফসির মিয়া। পুলিশ জানায়, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাব্বির দু’জন যাত্রী নিয়ে গলাচিপা খেকে পটুয়াখালী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এদিকে কাউখালী সংবাদদাতা জানান, কাউখালীতে মোটর সাইকেলের চাপায় নূর মোহাম্মদ হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কাউখালী-ভান্ডারিয়া সড়কের তালুকদারহাট নামক স্থানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।