সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৪
ময়মনসিংহে রূপালী ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ময়মনসিংহ প্রতিনিধি \ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের কাচিঝুলিতে নিজস্ব জায়গায় প্রথম পর্বে ১৪ কোটি টাকা ব্যয়ে রূপালী ব্যাংকের ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রূপালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের জিএম মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমদ আল কবির ও ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রূপগঞ্জে র্যাব পরিচয়ে ৪ লাখ টাকা ছিনতাই রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক ভুলতা শাখা থেকে গত বৃহস্পতিবার বিকাল ৪ লাখ টাকা উত্তোলন করে আধুরিয়াস্থ সজিব গ্রুপের জুস ফ্যাক্টরিতে যাওয়ার পথে কোম্পানির একাউন্ট অফিসার ফারুক মিয়াকে র্যাব পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাংক থেকে উত্তোলনকৃত ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান খান জানান, এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। যশোরে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক যশোর অফিস \ যশোরে ফেনসিডিলসহ সোহেল রানা নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের পুলিশ লাইন লিচুতলা এলাকার ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা (কনস্টেবল নং- ১৬৩৫) ঝিনাইদহের আল হেরাপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। ত্রিশালে বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশ ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু প্রজন্মলীগের উদ্যোগে এক সমাবেশ হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাও.রুহুল আমিন মাদানী। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ ছফির উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ইমরান হাসান বুলবুল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাহফুজ। ভালুকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ভালুকা সংবাদদাতা \ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান, গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্ব্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার সকালে ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বক্তব্য রাখেন, আবুল হাসেম, আনোয়ার উদ্দিন আহমেদ ও কায়সার আহমেদ কাজল প্রমুখ। মাদারীপুরে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান মাদারীপুর প্রতিনিধি \ সোনালী ব্যাংক গত বৃহস্পতিবার ১০ শিক্ষার্থীর মধ্যে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পদ্ধতিতে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। সোনালী ব্যাংক মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ে মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে দেয়া হয়। টাকা বিতরণ করেন ডিজিএম মো. মহব্বত হোসেন ও এজিএম আবদুল গফফার খান। ছাতকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জের ছাতকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এসএমসি’র সভাপতিদের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে ও মণ্ডলীভোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় সভা। আলিনগর স্কুল ও কলেজের পুরস্কার বিতরণী গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব ডা. মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। নাঙ্গলকোটে সার ও বীজ বিতরণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজনে খরিফ-১ উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিতরণী সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র সামছু্দ্দিন কালু, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাছান আলামিন, যুব উন্নয়ন অফিসার শাহজাহান, কৃষি সম্প্রসারণ অফিসার ফাতেমা সুলতানা প্রমুখ। দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ ২০১৩-১৪ খরিপ মৌসুমে উফশী আউশ ধান ও বোনা আউশ (নেরিকা) ধান চাষে প্রণোদনা দিতে গতকাল শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ, সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদার। মধুখালী মডেল স্কুলের ম্যানেজিং কমিটি গঠন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে আব্দুস সালাম মিয়া এবং সহ-সভাপতি মিলি ইসলাম নির্বাচিত হন। সদস্য সচিব পদাধিকারবলে প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন। পীরগঞ্জে ৫ দিনব্যাপী বর্ষবরণ উত্সব সমাপ্ত পীরগঞ্জে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ৫ দিনব্যাপী বাংলা বর্ষবরণ উত্সব বৃহস্পতিবার শেষ হয়েছে। এবারের বর্ষবরণ উত্সবের উল্লেখ্যযোগ্য আকর্ষণ ছিল বর্ণাঢ্য আনন্দ র্যালী, শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত প্রতিযোগিতা, জাতীয় সংসদ সদস্য মো. হাফিজউদ্দীন আহম্মেদ কর্তৃক পাঠচক্রের সাহিত্য পত্রিকা ‘সাহিত্য পত্রে’র মোড়ক উম্মোচন। মীর্জাগঞ্জে কৃষকদের মাঝে আউশ বীজ ও সার বিতরণ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল শুক্রবার মীর্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় কৃষি প্রশিক্ষণ অফিস প্রাঙ্গণে কৃষি পুনর্বাসন কর্মসূচি ২০১৩-এর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ চাষাবাদ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) আউশ বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। সিরাজদিখানে মোবাইল কোর্টের জাটকা আটক ও জরিমানা আদায় সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া, রাজানগর, শেখরনগর ও নিমতলা মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ১০ কেজি জাটকা মাছ আটক ও দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আবুল কাসেম। এ ছাড়াও শেখরনগর বাজারে চারটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও ভেজাল খাদ্য রাখার দায়ে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজার প্রতিনিধি \ নকল ও রেজিস্টার্ডবিহীন ওষুধ বিক্রি ও চিকিত্সকের সনদপত্র না থাকার দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজারের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা বৃহস্পতিবার দুপুরে এই জরিমানা ধার্য করেন। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: জেলা শহরের শ্রীমঙ্গল রোডের কলিকাতা হারবাল ও কুসুমবাগ এলাকার আমেরিকা হারবাল। এ সময় জরিমানার টাকা প্রদান না করায় আমেরিকা হারবালের ভুয়া চিকিত্সক এম এ হাকিমকে ১৫ দিনের জেল দেন আদালত। ২৯ এপ্রিল মির্জাপুরে দুই ইউনিয়নের দুই ওয়ার্ডে উপ-নির্বাচন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আগামী ২৯ এপ্রিল মির্জাপুর উপজেলার ১ নং মহেড়া ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড এবং ৮ নং ভাদগ্রাম ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাসুদ আহমদ সিকদার নির্বাচন তফসিল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২৪ জানুয়ারি মহেড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরবেশ আলী এবং গত ২০ জানুয়ারি ভাদগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জুলহাসউদ্দিন মিয়া মারা যাওয়ায় ঐ দু’টি ওয়ার্ড শূন্য হয়। ইলিয়াছ আলীকে ফিরে পাওয়ার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন হবিগঞ্জ প্রতিনিধি \ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে হবিগঞ্জে বৃহস্পতিবার মানববন্ধন করেছে পৌর বিএনপি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ আমিনুর রশিদ এমরান। অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিমের পরিচালনায় বক্তৃতা করেন অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট এম এ নূর খান, এম এ মন্নাফ, এমজি মোহিত, মোঃ নাহিজ, পৌর কাউন্সিলর আবুল হাসিম প্রমুখ। মহেশপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সাজা খাটা বিডিআর সদস্যের মৃত্যু মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ বৃহস্পতিবার মহেশপুর উপজেলার হুদাদুর্গাপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে টিভি সারতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলী আহসান (৪০) নামের সাজা খাটা এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। জানা গেছে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২ বছর সাজাপ্রাপ্ত আসামি ছিল আলী আহসান। সাজা খেটে জেল থেকে মুক্ত হয়ে বুধবার বাড়ি এসে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। হোসেনপুরে সেলাই মেশিন বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি ২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২১ দিনব্যাপী মহিলাদের সেলাই প্রশিক্ষণ কোর্স সমাপনী শেষে ৬টি ইউনিয়নে ১০ গ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা সমবায় অফিসার চন্দ্রা সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ। পীরগঞ্জে কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ শুরু পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ২২টি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ গত ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মোট ৮টি ব্যাচে ৩৭৪ জন সদস্যের এই প্রশিক্ষণ ৬ মে পর্যন্ত চলবে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী।