পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ সতীর্থ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হকের প্রশংসা করে তাকে একজন সত্ ও শান্ত নেতা হিসেবে অভিহিত করেছেন।
গত বছরের মে মাসে মিসবাহর পরিবর্তে হাফিজকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হলেও টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে মিসবাহকেই বহাল রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমপ্রতি পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাটের উত্থাপিত একটি বিষয় দারুণ বিতর্কের সৃষ্টি করেছে। বাট দাবি জানিয়েছেন, হাফিজ দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোরের সাথে আঁতাত করে দলে বিভাজন সৃষ্টি করছে এবং তারা দুইজন মিলে মিসবাহকে দল থেকে বের করে দেবার জন্য চেষ্টা করছে এবং এ নিয়ে মিসবাহকে চাপ সৃষ্টি করছে। কিন্তু মিসবাহর প্রতি সব ধরনের শ্রদ্ধা রেখে হাফিজ বলেছেন, তার অধীনে খেলা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।
করাচির জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে হাফিজ বলেছেন, ‘আমি এখন পর্যন্ত যে কয়জন অধিনায়কের অধীনে খেলেছি মিসবাহ তাদের মধ্যে অন্যতম সেরা একজন অধিনায়ক। আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা একসাথে অনেকগুলো বছর কাটিয়েছি। আর ইতিমধ্যেই মিসবাহ অধিনায়ক হিসেবে তার সততা, নিরপেক্ষতা, প্রতিশ্রুতি, ধৈর্যের প্রমাণ দিয়েছেন।’
মিসবাহর এই গুণাবলীর জন্যই দলের কারো সাথে তার কোন সমস্যা নেই বলে হাফিজ উল্লে¬খ করেছেন। তিনি সিনিয়র ও জুনিয়র সকলের সাথে একই ধরনের আচরণ করেন। তার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে যে কোন পরিস্থিতিতে তিনি শান্ত থাকতে পারেন। আর এ কারণেই দলের মধ্যে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন বলে হাফিজ জানিয়েছেন।
ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা ও প্রতিশ্রুতি এটা অন্য কোন খেলোয়াড়ের মধ্যে কখনো হাফিজ লক্ষ্য করেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের পর মিসবাহ যে ধরনের ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন তার প্রশংসা করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। - বাসস
