ফুটবলের শীর্ষ তারকাদের ভিডিও গেমে ঠাঁই পাওয়াটা পুরোনো ব্যাপার। এই পুরোনো ব্যাপারকে পেছনে ফেলে ব্রাজিলের স্ট্রাইকার নেইমার এবার ঠাঁই করে নিচ্ছেন কমিকস বইয়ে। শুধু তিনিই নন এই বইয়ে থাকছেন স্থানীয় ফুটবল তারকারাও। ব্রাজিলের শিশুদের জন্য কমিক বইটি করা হচ্ছে।
বর্তমানে ২১ বছর বয়সী নেইমার গত বৃহস্পতিবার ঘোষণা করেন কমিকস বইটির নাম ‘নেইমার জুনিয়র’। তিনি ব্রাজিলের শীর্ষস্থানীয় কার্টুনিস্ট মাউরিসিও ডি সৌসার সাথে চুক্তিবদ্ধ হন। নেইমারকে চিত্রায়ন করা হতে পারে শিশু ফুটবলার হিসেবে। যিনি বন্ধুদের সাথে ফুটবল খেলছেন চিরচেনা মোহাক চুলের স্টাইল নিয়েই। এছাড়া শিশুদের কমিক বইয়ে এর আগে চিত্রায়িত হয়েছেন পেলে, রোনালদিনহো এবং রোনালদো।
নেইমার ব্রাজিলের অন্যতম শীর্ষ তারকা। ভবিষ্যত্ ব্রাজিল ফুটবলের হাল ধরবেন এমনটা অনেকে মনে করেন। ইউরোপের বড় ক্লাবগুলোও তাকে পেতে মরিয়া হয়ে রয়েছে ইতিমধ্যে।
