বান্দরবানের বেশিরভাগ মানুষের বসবাস পাহাড়েই। পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা ঝরনা থেকে প্রবাহিত নদীর পানিই পাহাড়িদের ব্যবহার্য। এখানকার শঙ্খ নদী পানিপ্রাপ্তির প্রধান উত্স। শঙ্খ নদীর তীরবর্তী এলাকা ঘোরার সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নারী ও শিশুরাই পাহাড় বেয়ে নিচে নেমে এসে পানি উঠিয়ে নিতে। পাহাড়ের গা বেয়ে ঝরনা আগে পানির চাহিদা মেটালেও এখন মানুষের তৈরি কারণ ও কিছু প্রাকৃতিক কারণে অনেকগুলোই বিলুপ্তির পথে। প্রচুর বৃক্ষ নিধন ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের কারণে ঝরনা যেমন কমে যাচ্ছে তেমনি নদীটিও অনাব্য হয়ে পড়ছে। এর সঙ্গে নদীদূষণের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে নগরের বিভিন্ন ধরনের ময়লা।
জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী পরিব্রাজক দলের যৌথ উদ্যোগে পার্বত্য অঞ্চলের নদী সম্মেলনে যে গবেষণাগুলো তুলে ধরা হয় তাতে দ্রুত ব্যবস্থা না নিলে এ শঙ্খ নদীও অন্যান্য নদীর মতো দূষিত হবে ও অনাব্য হয়ে পানির অপর্যাপ্ততার কারণ হবে। পাহাড়ে সরকারের অনেক ভালো কাজ হয়েছে। এখন নজর দিতে হবে এই অঞ্চলের পানির সমস্যার দিকে। যে অঞ্চলগুলোতে পানি বেশি নিচ থেকে তুলতে হয় সে অঞ্চলগুলোতে সরকারের পানি উত্তোলনের প্রকল্প চালু করা প্রয়োজন। যাতে করে কিছুটা সহজে মানুষ পানি পায়। দূষণ বন্ধে এখনি শহরের ডাম্পিং এরিয়া করে দেওয়া প্রয়োজন। আশা করি পার্বত্য অঞ্চলে পানির কষ্ট লাঘবে সংশ্লিষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডসহ সকলে সচেতন ভূমিকা পালন করবেন।
সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর
