যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চা বাগানে গণজাগরণের সমাবেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৫৭
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে চা শ্রমিক-জনতা সমাবেশের আয়োজন করে সিলেট গণজাগরণ মঞ্চ। বিকেলে খাদিম চা বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে শত শত চা-শ্রমিক তাদের বঞ্চনার দাবি নিয়ে হাজির হন। স্লোগানে স্লোগানে তারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশের শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। জাগরণী সংগীতে বটতলা ও স্মৃতিসৌধ প্রাঙ্গণ জেগে ওঠে। চা-শ্রমিকরা তাদের বক্তব্যে মজুরি বৃদ্ধি, এম্বুলেন্স প্রদান, ট্রেড ইউনিয়নের বিরোধ নিরসনের দাবি জানান। তারা অবিলম্বে শ্রমিকদের দৈনিক মজুরি ৫৫ টাকা থেকে দেড়শত টাকা করারও দাবি জানান। বিকেল থেকেই সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একাত্ম হয় চা-শ্রমিক জনতার এই জাগরণে। সমাবেশ চা-শ্রমিক মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন রজনী বাউড়ী, দুলু কুর্মী, নারায়ণ দাস নড়ী,স্কুল শিক্ষক নান্টু রঞ্চন সিং, বাগানের শ্রমিক ইউনিয়নের সভাপতি সবুজ কান্তি, মুরব্বী রুঘু মিয়া, রমন ঘোয়ালা, কানু দাস ছত্রী, ইউনিয়ন মেম্বর দুলন কর্মী, সিলেট জেলা চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রীভাস মহালী, যুগেশ সাওতাল প্রমুখ। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাজিব রাসেল, বিশ্বপা ভট্টাচার্য মৌ, আব্দুল করিম কিম, গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবু প্রমুখ।