ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির বিরুদ্ধে ২০০৭ সালে নির্বাচনী প্রচারকালে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। প্রসিকিউটর জেনারেলের দপ্তরের একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, সার্কোজির বিরুদ্ধে এ সংক্রান্ত দুর্নীতি, মানি লন্ডারিং এবং তহবিল তসরুফের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
লেবাননি বংশোদ্ভূত ফরাসি ব্যবসায়ী জিয়াদ তাকিদ্দিন ২০১২ সালের ডিসেম্বরে এ সংক্রান্ত এক জিজ্ঞাসাবাদে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সার্কোজির নাম প্রকাশ করলে তার বিরুদ্ধে মামলা করা হয়। তাকিদ্দিন বেশ কয়েকবার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট সার্কোজিকে নির্বাচনের আগে প্রয়াত লিবীয় নেতা গাদ্দাফি বিপুল অংকের অর্থ দিয়েছিলেন। এ নিয়ে সার্কোজির বিরুদ্ধে ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দুর্নীতির অভিযোগ উঠল। গত মাসে অভিযোগ উঠেছিল, ওই নির্বাচনের আগে নিকোলাস সার্কোজি ফ্রান্সের সবচেয়ে ধনী নারী লিলিয়ানে বেত্তেনকোর্তের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন। তবে সার্কোজি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০৭ সালে তিনি প্যারিসে গাদ্দাফির সঙ্গে সাক্ষাত্ করলেও তার কাছ থেকে কোন অবৈধ অর্থ গ্রহণ করেননি।
