থানায় জিডি এন্ট্রি পদ্ধতি ডিজিটাল করুন

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৫৮

দেশের অনেক কিছু এখন ডিজিটাল অনলাইনের সুবিধাভুক্ত। জানামতে, জিডি করার সুবিধাটি এখন পর্যন্ত ডিজিটাল করা হয়নি। জনগণ যাতে অতিসহজে অনলাইনে জিডি নথিভুক্ত করতে পারে, সে ব্যবস্থা রাখা সময়ের দাবি। অনলাইন সুবিধা থাকলে ঘরে বসেও যে কেউ জিডি করতে পারবে। তাকে দৌড়াতে হবে না থানা পর্যন্ত। প্রয়োজনে একটি আদর্শ ছক  বা ফরমেট দেওয়া থাকতে পারে অনলাইনে। জিডি করতে ইচ্ছুক ব্যক্তি প্রয়োজনীয় তথ্য সেই ছকে অন্তর্ভুক্ত করতে পারবেন। পূরণকৃত তথ্যাদি কেন্দ্রীয় পুলিশ সদর দফতরে, সংশ্লিষ্ট পুলিশ সুপার সার্কেলে এবং একইসঙ্গে সংশ্লিষ্ট থানায়ও তা মুহূর্তে পৌঁছাবে। প্রদত্ত পূরণকৃত তথ্যছকটি আবেদনকারী ব্যক্তি সংগ্রহ ও সংরক্ষণ করতে পারবেন, এমন ব্যবস্থাও থাকা চাই। প্রয়োজন পড়লে সেই অনলাইনে করা জিডির অনুলিপি প্রামাণ্য দলিল হিসেবে আদালতে পেশযোগ্য হবে, এই সুবিধাও থাকতে হবে। জনগণের কষ্ট লাঘবে অনলাইনে জিডি করার সুবিধা হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার আরেক ধাপ অগ্রগতির সোপান।

তোফায়েল হোসেন খান

সহযোগ অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ