যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের দূতাবাসস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে শুক্রবার খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলীর দু’সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ইন দ্যা কোয়েস্ট অব আইডেন্টিটি তথা ‘আত্মপরিচয়ের অনুসন্ধানে’ শীর্ষক এ চিত্র প্রদর্শনীতে মতলুব আলীর মোট ৬৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বৈশ্বিক উত্থান-পতনের মাঝে সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা সমসাময়িক বাংলাদেশের কিছু প্রতিচ্ছবি নিয়েই তার চিত্র প্রদর্শনীটি সাজানো হয়েছে। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে শুক্রবার প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাদের মতলুব আলীকে তার চিত্রকর্মের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বলেন, ‘বিমূর্ত ও বস্তুগত- উভয় মাধ্যমে প্রকাশিত এ সকল চিত্র কর্মের মধ্য দিয়ে তিনি মূলত একবিংশ শতাব্দির উত্তর-আধুনিক যুগের পথে বাংলাদেশের ধারাবাহিক এবং স্মরণীয় যাত্রাকে তুলে ধরেছেন।’ তার বেশির ভাগ চিত্রকর্মেই একটি অসামপ্রদায়িক জাতিসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণের অবিরাম সংগ্রাম এবং প্রগতিশীল সমপ্রদায়ের সাথে অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল শক্তির চলমান সংঘর্ষ সুস্পষ্টভাবে উঠে এসেছে। আকরামুল কাদের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মালয়েশিয়ার রাষ্ট্রদূতসহ সকল অতিথিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ওয়াশিংটনস্থ কূটনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ছাড়াও বাংলাদেশি সমপ্রদায়ের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
