রৌমারীর কর্তিমারী বাজার থেকে বাড়াইবাড়ি ছিটমহল পর্যন্ত ৭কিলোমিটার সড়কের চার স্থানে সেতু না থাকায় ১০ গ্রামের মানুষদের সড়ক থাকার পরও পায়ে হেঁটে চলতে হয়। সরেজমিনে দেখা গেছে, এই সড়কের বাওয়ারগ্রাম, কাশিয়াবাড়ি, চুলিয়ারচর ও বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের কাছে সেতু না থাকায় কাশিয়াবাড়ি, বাওয়ারগ্রাম, চুলিয়ারচর, বারবান্দা, বড়াইবাড়ি, ঝাউবাড়ি, খেওয়াচর, আলগারচর, যাদুরচর গ্রামের মানুষ বন্যার সময় অবরুদ্ধ হয়ে পড়ে। সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন জানান, ২০০১ সালে কয়েকজন মন্ত্রী সেতু ও সড়ক নির্মানের ঘোষনা দিয়েছিল কিন্তু ১২ বছরেও সেই ঘোষনার বাস্তবায়ন হয়নি। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মোরশেদ হোসেন জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা প্রায় বিচ্ছিন্ন হয়ে আছি। রৌমারী উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, এই সড়কে দুটি সেতু নির্মাণের প্রকল্প তৈরি করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।
