গৌরীপুরের মফিজ এখন সফল কৃষক

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৩
কঠোর পরিশ্রমী এক কৃষকের নাম মো. মফিজ উদ্দিন। ধান চাষ, সব্জি চাষ ও পুকুরে মাছ চাষে রয়েছে তার নিজস্ব স্টাইল। প্রতিবেশী কৃষকদের পরামর্শক আর মডেল কৃষকে পরিণত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিশা গ্রামের কৃষক মো. মফিজ উদ্দিন। ধানের চারা বুননে রয়েছে বর্গাকার সারি সারি লাইন। পানি নিষ্কাষণের জন্য রয়েছে চার পাশে ড্রেন। গবাদিপশুর আক্রমণ থেকে রক্ষার জন্য দেয়া হয়েছে বেস্টনি। পুকুর পাড়ে প্রতিবছর জৈব সার প্রয়োগে মাটির উর্বরতা বৃদ্ধি করে সেখানে ঢেড়শ, ফাঁকে ফাঁকে ডাটা ও লাউসহ বিভিন্ন সব্জির চাষ করা হয়। পাড়ের লাউ গাছ পুকুরের উপর তৈরি মাচায় ছেয়ে গেছে পুকুর, ঝুলছে অসংখ্য লাউ। হালকা বাতাসে দুলছে কচি লাউয়ের ডগা, নিচে লাফাচ্ছে মাছ। স্ত্রী রাজিয়া সুলতানা শাপলা, এক ছেলে এক মেয়ে, পিতা-মাতা আর ভাই-বোনদের সঙ্গে নিয়ে তার সংসার। নিজের খুব বেশী জমি নেই। অন্যের জমিতে চাষাবাদ করেই চলে মফিজের জীবনযুদ্ধ।