নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মওদুদ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলা ও সদরের একাংশে হাজার হাজার দলীয় নেতা-কর্মী মানববন্ধন করেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে উপজেলা কবিরহাটের ৭টি ও সদরের ২টিসহ ৯টি ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন দাবীসম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সোনাপুর-বসুরহাট সড়কে সমবেত হন। এ সময় সদরের অশ্বদিয়ার ওয়াপদার পুল থেকে কবিরহাট উপজেলা সদর হয়ে কোম্পানিগঞ্জ উপজেলার সিমানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে উপজেলা সদরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি গোলাম হায়দার বিএসসি, কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবুল, নামজুল হুদা ফরাদ , সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফখরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বলা হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহ্জাহান, যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু এমপি, বিরোধী দলীয় চীফ হুইফ জয়নুল আবদীন ফারুকসহ কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।