রায়গঞ্জের পাঙ্গাসী বাজারের হাট পেরিফেরির জায়গাসহ সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় একজন নেতা। এলাকাবাসী জানায়, প্রভাবশালী আব্দুস সালাম ভুঁইয়া গ্রাম পাঙ্গাসী বাজারের আজাদ মজলিশ ক্লাব সংলগ্ন হাটের জায়গায় দখল করে প্রথমে টিনের ঘর উত্তোলন করেন। সম্প্রতি এলাকাবাসীর যাতায়াতের রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি পাঙ্গাসী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারসহ ঘটনাস্থল জরিপ করেন। জরিপকৃত জায়গা সরকারি জায়গা হিসাবে চিহ্নিত হওয়ায় সেখানে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তারপরও আব্দুস সালাম ভুঁইয়া পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সালাম ভুঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করছেন বলে দাবি করেন।
