শুক্রবার রাতে রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল খালেক মুন্সি (৬৫)। তার পিতার নাম মৃত পরশ আলী মুন্সি। বাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামে।
বড়াইগ্রাম (নাটোর)
বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে শুক্রবার রাতে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। শনিবার সকালে বনপাড়া হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতের যে কোন সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় গাড়ির ধাক্কায় তিনি মারা যান। লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর
রায়পুরে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২৬) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আজ শনিবার সকালে রায়পুর-ফরিদগঞ্জ সড়কের সিংহেরপুল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালিয়া গ্রামের মোঃ মাসুদের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রলি ও বাসটি আটক করেছে।
