গোদাগাড়ীতে বিশুদ্ধ পানির সংকট

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৭
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রীষ্মের শুরুতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এতে করে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ায় খরা প্রবণতা বৃদ্ধির কারণে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে। ফলে বিশুদ্ধ পানির জন্য বসানো নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে। আর যে সমস্ত নলকূপ ভাল রয়েছে সেসব নলকূপে পানি উঠছে কম। বিভিন্ন এনজিওর উদ্যোগেও বিশুদ্ধ পানির জন্য প্রায় ২ হাজার নলকূপ বসানো হয়েছে। কিন্তু এসব নলকূপ বসানোর কিছুদিন পরে অকেজো হয়ে পড়ে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো মেরামতের জন্য অর্থ না দেয়ায় পুরো গ্রীষ্ম মৌসুমে নলকূপগুলো অকেজো হয়ে পড়ে থাকে। গোদাগাড়ী উপজেলায় ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৬টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বসানো হয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী গ্রামের বাড়ি থেকে পানি সংগ্রহ করে নিজেদের পানির চাহিদা মেটায়। উপজেলার কাপাসিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ না থাকার কারণে শিক্ষার্থীরা ১ কিলোমিটার দূরে সেচের জন্য বসানো নলকূপ থেকে পানি সংগ্রহ করে। শিক্ষার্থীরা দূর-দূরান্তে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে যাওয়ার কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হয়। উপজেলার ২৩০টি আদিবাসী গ্রামের মধ্যে ৮০টি গ্রামে নলকূপ রয়েছে।