সিলেটের কয়েকটি বাড়িতে ডাকাতি

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৯
সিলেটের গোয়াইঘাটে একই রাতে ৫টি বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল সোনারপাড়া গ্রামে ও নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গোয়াইঘাট থানার ওসি মো. শফিকুর রহমান খাঁন বলেন, যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে ওই এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। প্রতি রাতে ওই এলাকায় পুলিশ টহল দেয়। এরপরও ডাকাতির ঘটনা ঘটা দুঃখজনক। পুলিশ ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারে তত্পর রয়েছে বলে তিনি জানান । মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, মহাদেবপুরে জাহিদুল ইসলাম জাহিদ নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর থানার এসআই সাজেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বামনসাতা গ্রামের কুখ্যাত সাবু ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জাহিদ পত্নিতলা উপজেলার কোতোয়ালীপাড়া গ্রামের মৃত অছিম উদ্দীনের পুত্র। তার বিরুদ্ধে মহাদেবপুর, পত্নীতলা, মান্দা, বদলগাছী থানায় ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ডাকাতের বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার নন্দীগ্রামে এক ডাকাতের বাড়ি থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও চার ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। গত ১৮ এপ্রিল রাতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিনের নেতৃত্বে এসআই আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম উপজেলার খরনা গ্রামের ওমির উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মোজাম্মেল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ওই টাকা ও স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিধইল গ্রামের আনছার আলীর ছেলে শাহ আলম (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে।