এক ম্যাচ শাস্তি কমে গেল এসি মিলানের স্ট্রাইকার মারিও বালোতেল্লির। এখন তিন ম্যাচ নয়, এখন দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। কিন্তু তারপরও রবিবার জুভেন্তাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামতে পারছেন না।
এ সম্পর্কে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাদের ওয়েবসাইটে জানায় মিলানের আপিলের ভিত্তিতে ফেডারেল কোর্ট অব জাস্টিস আংশিকভাবে বালোতেল্লির শাস্তির মাত্রা কমিয়ে তিন থেকে দুই ম্যাচ করেছে। তবে এজন্য তৃতীয় ম্যাচে তাকে জরিমানা বাবদ ২০ হাজার ইউরো গুণতে হবে।
দুই সপ্তাহ আগে ফিওরেনটিনার বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে রেফারি পাওলো টাগলিয়াভেনটোকে অপমান করার ইতালিয়ান এই আন্তর্জাতিক স্ট্রাইকারকে মৌসুমের চতুর্থ হলুদ কার্ড দেখানো হয়। বহিষ্কারাদেশের মাত্রা কমানোর জন্য বালোতেল্লি রোমে এফআইজিসির সদর দপ্তরে গিয়েছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন লিগ টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের বিপক্ষে তার খেলার অনুমতি মিলবে। এসময় তার সাথে মিলানের আইনজীবী দলের একজন সদস্যও ছিলেন। কিন্তু জুভের বিপক্ষে নয় আগামী সপ্তাহে কাতানিয়ার বিপক্ষে হোম ম্যাচে তিনি দলে ফিরছেন।
জানুয়ারি মাসে ম্যানচেস্টার সিটি ছেড়ে মিলানে যোগ দেবার পরে বালোতেল্লি আট ম্যাচে সাত গোল করেছেন। জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট পিছনে থেকে ৫৯ পয়েন্ট নিয়ে মিলান সিরি এ তে তৃতীয় স্থানে আছে।
