খাল দখল

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:১২

হবিগঞ্জ প্রতিনিধিঃ বেদখল হয়ে যাচ্ছে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংলগ্ন খাল। ১২ মাইল দীর্ঘ এ সড়কের দুই পাশের খাল দখলের প্রতিযোগিতা চলছে। কালার ডোবা এলাকা থেকে আতুকুড়া পর্যন্ত সড়কের দুইপাশে খালের বড় অংশ জমির সঙ্গে মিশিয়ে ফেলেছে অবৈধ দখলকারীরা। মশাকলি গ্রামের সম্মুখে খাল ভরাট করে কাঁটাতারের বেড়া দিয়েও দখল করা হয়েছে কিছু অংশ। ইদানীং ভাটিপাড়া গ্রামের নিকটে সড়কের পূর্বপার্শ্বে খালে দুটি বাঁধ দিয়ে একটি পুকুর তৈরি করেছে প্রভাবশালীরা। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ রক্ষাকারী সড়ক ও জনপথ বিভাগের এই সড়কের পাশে খালে বাঁধ দিয়ে পুকুর তৈরি করার ব্যাপারে তিনি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন।