রায়পুরে ১৬ দোকান ভস্মীভূত

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:১২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী আগুনে পুড়ে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বেলা ২টার সময় খাবার হোটেলের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে তিনটি ইলেক্ট্রনিক্সের দোকান, তিনটি মুদি দোকান, দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান দুটি গোডাউন, সেলুন ও টেইলার্সসহ ১৬টি দোকান পুড়ে যায়।

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসি। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতিকের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।