কাজীপুরের যমুনা বক্ষে অভূতপূর্ব দৃশ্য। সবুজের সমারোহে ঢেকে গেছে বিস্তৃত চরাঞ্চল। জেগে ওঠা ছোট-বড় চরে চলতি মওসুমে ৬০৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে চিনাবাদাম। উত্পাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮০ মেট্রিকটন। কৃষকরা জানান, আগামী দুই-এক সপ্তাহ পরই জমি থেকে বাদাম তোলা শুরু হবে। বাদামের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
এবার বাদাম চাষ করতে কোন সার প্রয়োগ করেনি কৃষকরা। বিনা সারে বাদামের আবাদ করে কৃষক দারুণ খুশী। উপজেলার পূর্বপাশ দিয়ে প্রবাহিত যমুনার চরে এ বছর বাদাম চাষ করেছেন সহস্রাধিক ক্ষুদ্র চাষি। বাদাম ছাড়াও ভুট্টা,গম এবং কালী বোরো ধানের আবাদ করেছে কৃষকরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে যমুনার বুকে জেগে ওঁঠা ছোট-বড় ৩০টি চরের ৬০৫ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হয়েছে। কাজীপুর কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ বছর বাদামের দানা পুষ্ট হয়েছে। এ বছর কোনো রোগবালাইয়ের আক্রমণ হয়নি। ফলে এ অঞ্চলে বাদামের বাম্পার ফলন হবে।
