সিরাজগঞ্জে চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা শীর্ষক প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছে নারী শ্রমিকেরা। শনিবার ও রবিবার দুই দফায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডুকে অবরুদ্ধ করে রাখে প্রকল্পের প্রায় ৮শ’ নারী শ্রমিক।
নারী শ্রমিকদের অভিযোগ থেকে জানা যায়, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার অধিদপ্তরের যৌথ অর্থায়নে ও স্থানীয় মানব মুক্তি সংস্থার তত্ত্বাবধানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও সহনশীলতা বৃদ্ধি শীর্ষক (ইআর) প্রকল্পের আওতায় যমুনার ভাঙন কবলিত দুর্গম চরাঞ্চল সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নে মাটি কাটার জন্য প্রায় ১২শ’ শ্রমিক নিয়োগ করা হয়। যার মধ্যে নারী শ্রমিক ৮৫০ জন। ২০১১—১২ অর্থবত্সরে তাদের নিয়োগের সময় আশ্বাস দেয়া হয় পাঁচ বছর তাদের দিয়ে কাজ করানো হবে। কিন্তু দুই বত্সর পার না হতেই তাদের প্রকল্প থেকে বাদ দিয়ে নতুন শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে অবরুদ্ধ চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, এই প্রকল্পে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকল্প বাস্তবায়ন করছে মানব মুক্তি সংস্থা। আমার ইউনিয়নে কাজ আমি শুধু পরিদর্শন করি।
