কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। সম্মেলন অনুষ্ঠান আগামী মাসের প্রথম সপ্তাহে সম্পন্ন করার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা নীতিগতভাবে একমত হয়েছেন এবং সম্মেলনের চূড়ান্ত তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ৩ বছরের কমিটি এখন ১০ বছরে পড়েছে। ২০০৩ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনে একেএম মোজাম্মেল হক সভাপতি ও সালাহউদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু ২০০৫ সালের মাঝামাঝি সময়ে সভাপতি মোজাম্মেল হক মারা গেলে সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
