রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল কলেজ শাখার সভাপতি রাফিউল ইসলাম রাফি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইনুর ইসলাম গাজীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে কারমাইকেল কলেজ ক্যাম্পাসসহ লালবাগ এলাকা। এদিকে গতকাল রবিবার সকালে লালবাগ এলাকায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সমপাদক নূর আলম, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সমপাদক কানন, কারমাইকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সমপাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের অর্থ সমপাদক মেহেদী হাসান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সমপাদক সিজার, তথ্য প্রযুক্তি সমপাদক রিপন, গণযোগাযোগ সমপাদক নির্যাস, কলেজ ছাত্রলীগের যুগ্মসমপাদক রুবায়েদ রনি, ছাত্র নেতা সাজু, সুজন প্রমুখ।
অপরদিকে শনিবার রাতে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল কলেজ শাখার সভাপতি রাফিউল ইসলাম রাফি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইনুর ইসলাম গাজীর হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে মালেক নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মূল নায়কদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, বুধবার রাতে নগরীর লালবাগ এলাকায় নির্মাণাধীন লালবাগ প্লাজায় ছাত্রলীগের রাফিউল ইসলাম রাফি এবং সাইনুর ইসলাম গাজী বসে গল্প করছিল। এ সময় একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তাদের চিত্কারে আশপাশের লোকজন টের পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার আসামিদের মধ্যে রয়েছে, টোকাই শাকিল, জাভেদ, বাকের, আলী আকবর, রুবেল ওরফে মুন্সি, জাহিদ ওরফে মাসুম, সাগর প্রমুখ।
