আখাউড়া রেলওয়ে স্টেশনের কোটি টাকার জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে গত শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ ও মুক্তিযোদ্ধা সংসদ।
আলহাজ্ব মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সহিদুল ইসলাম, সাবেক কমান্ডার জামশেদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, আখাউড়া প্রেসক্লাব সভাপতি মোঃ ইউসুফ সারোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম কানু, পৌর কাউন্সিলর বাহার মিয়া, ইসলামী আন্দোলন আখাউড়া উপজেলা সেক্রেটারী বিল্লাল হোসেন, সাংবাদিক কাজী হান্নান খাদেম, ফজলে রাব্বি, মহিউদ্দিন মিশু, পেশাজীবী শাহরিয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা আখাউড়া স্টেশনের সৌন্দর্য নষ্ট করে মার্কেট নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দখলদার কর্তৃক নির্মিত মার্কেট উচ্ছেদের দাবি জানান। অন্যথায় সর্বস্তরের আখাউড়াবাসীকে নিয়ে রেল ও স্থলবন্দর অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন বলেন, এভাবে টিনশেড দিয়ে দোকান নির্মাণ করা হলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনের সৌন্দর্য নষ্ট হবে। তবে দোকানগুলো কে তুলেছেন এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূইয়া বলেন, স্টেশনের সম্মুখভাগে এভাবে দোকান করা হলে স্টেশনের সৌন্দর্য ম্লান হবে। এটা কোনভাবেই হওয়া উচিত না।
