সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৬
পাঁচবিবিতে সরকার স্মৃতি পুরস্কার বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২৪তম সরকার স্মৃতি পুরস্কার রতনপুর উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়। ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন সরকার স্মৃতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহবায়ক ও পৃষ্ঠপোষক এ্যাডভোকেট মাফিজুল সরকার। মুন্সীগঞ্জে স্বেতপাথরের মূর্তি উদ্ধার মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ি প্রতিনিধি \ শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও থেকে ৮০ কেজি ওজনের একটি স্বেতপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। পরে মূর্তিটি টঙ্গীবাড়ি থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বালিগাঁওয়ের বেইলী ব্রিজের পূর্ব পাশের রাস্তার দক্ষিণ ঢালে আলগা মাটি ও আবর্জনার স্তূপের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর মূল্য এখনও বলা যাচ্ছে না। ত্রিশালে বিদায় সংবর্ধনা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ শনিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বেসরকারি শিক্ষকদের উদ্যোগে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ শিক্ষক সমিতি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজের অধ্যক্ষ আবুল বাশার, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরুজ্জআমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব। রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা (৪০) নিহত হয়েছে। শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে গেছে। ঘটনা স্থলে সে মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ধুনটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটের ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। এসময় পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, গোলাম সোবাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, আব্দুস সোবাহান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সুজাউদ্দৌলা রিপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ শনিবার ধামইরহাট থানা পুলিশ অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয় মৌজার তালপুকুরা নামক স্থানে বন বিভাগের বাগানে পশ্চিম কোনাই লাশ পড়ে থাকা দেখে ইউ.পি চেয়ারম্যান থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। শ্যামগঞ্জে পুলিশ ফাঁড়ি উদ্বোধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা, নারান্দিয়া এবং বৈরাটি ইউনিয়নসহ কয়েকটি এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষায় নেত্রকোনা ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জের কুমুদগঞ্জের নিকট নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। শনিবার কুমুদগঞ্জে নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এমপি। সাঘাটায় গ্লোবাল অ্যাকশন সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা সাঘাটায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেসরকারি সংস্থা উদয়ন স্বাবলম্বী সংস্থার আয়োজনে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত প্রেস ব্রিফিং-এ সমাজে প্রতিটি শিশু শিক্ষার পরিচর্যার বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা। নবীনগরের প্রেসক্লাবের পাঠাগার উদ্বোধন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের নতুন পাঠাগার উদ্বোধন ও সাংবাদিক নেতৃত্বের অবদানের জন্য ক্লাবের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুকে নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। শনিবার প্রেসক্লাবে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন। ঠাকুরগাঁও মোটর শ্রমিক ও অটোচালকদের সংঘর্ষ ঠাকুরগাঁও প্রতিনিধি \ অবৈধভাবে মহাসড়কে গাড়ি চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটকে কেন্দ্র করে মোটর শ্রমিক ও অটো চালকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা শহরে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অটোরিক্সা ভাঙচুর করে। মিয়ারহোসেন উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার শেখ মোঃ মিয়ারহোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার ক্রীড়া প্রতিযোগিতার মোট ২৮টি ইভেন্টের ৮৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। হালুয়াঘাটে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শনিবার ইমদাদুল হক মিলন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বীরগুছিনা গ্রামের হাজী বাহার উদ্দিনের পুত্র। বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়া ইলুহার গ্রাম থেকে সোহাগ নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ ইলুহার গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সোহাগকে গ্রেফতার করে। কোটালীপাড়ায় জাগরণী সংস্থার প্রতিরোধ সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মঠবাড়ী গ্রামের বেবী রহমানের বাড়ি বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় জাগরণী সংস্থার আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়। সভায় মঠবাড়ী স্বেচ্ছাসেবী গ্রুপের সভানেত্রী বেবী রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদিকা মইফুল বেগম, আঃ ছত্তার তালুকদার, সাহিদা বেগম, হাজেরা বেগম প্রমুখ। কলমাকান্দায় দুর্যোগ বিষয়ক মহড়া কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা-কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপির অর্থনৈতিক ও দুর্যোগ বিষয়ক প্রকল্পের আওতায় দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্পল রিচিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্রাইবাল চেয়ারম্যান ভূবন চাম্বুগং ও মানবাধিকার সংগ্রামী মোঃ ফখরুল আলম খসরু, মোঃ জাফর উল্লাহ, ইউ,পি সদস্য হাবিবুর রহমান বাচ্চু, বেনসন ্লাল, কলিম উদ্দিন মাস্টার প্রমুখ। ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির কেন্দ্রীয় নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গতকাল রবিবার সকালে ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে ৩৯শ’ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ। এতে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। ২০ এপ্রিল সকালে হ্নীলা বিওপি বিজিবির নায়েক জাহিদের নেতৃত্বে হ্নীলা আলীখালী নাফনদী সীমান্তে অভিযান চালিয়ে হ্নীলা উলুচামারী এলাকার মৃত মোঃ হোসনের ছেলে ফরিদ আলম (৪৫) ও লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প এ ব্লকের ২৯১ নং বাড়ির মোঃ হোসনের ছেলে জানে আলমকে (১৪) ৩ হাজার ৯০৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সদরপুরে বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের শেখ আঃ ছালামের বসতবাড়ীতে বৃহস্পতিবার রাতে ১৫/১৬ জন যুবক ঢুকে আসবাবপত্র ভাংচূর করে নগদ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে গৃহকর্তা বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী অফিসার এস.আই. আশিকুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ আঃ মজিদ, শেখ আলিমুদ্দিন ও শেখ আবুল কাসেম জানান, ১০/১২ জন যুবক মোটরসাইকেলে এসে বাড়ী ঘেরাও করে ৩/৪ জন যুবক ঘরের দরজা ভেঙে লুটপাট চালিয়ে চলে যায়।