মাহমুদুর রহমানের রিমান্ড নিয়ে করা রিট খারিজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়া হয়েছে- এই অভিযোগে রিট আবেদনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রুল জারির আবেদন করেছিলেন। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে গত বৃহস্পতিবার এ নিয়ে শুনানির পর রবিবার আদেশের জন্য দিন ধার্য করা হয়। গতকাল হাইকোর্টের ওই বেঞ্চ রুল জারির আবেদন নাকচ করে দিয়ে সরাসরি মামলাটি খারিজ করে দেন। তবে আদালতে পুরো রায় ঘোষিত হয়নি। আদেশের প্রতিক্রিয়া জানিয়ে রিটকারীর কৌঁসুলি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, আমরা কোন অন্তর্বর্তীকালীন আদেশ চাইনি। রুল চেয়েছিলাম। রুল দিয়ে হাইকোর্ট বিষয়টি পরীক্ষা করে দেখতে পারতো। কিন্তু আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল তিনটি মামলায় মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় ঢাকার নিম্ন আদালত।