চবিতে চাঁদা না পেয়ে হল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
চাঁদার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন জননেত্রী শেখ হাসিনা হলের কাজ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হলের কাজ বন্ধ করে দেয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন জননেত্রী শেখ হাসিনা হলের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল। ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল এর মালিক শাজাহান চৌধুরী এর সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাত ৮টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এমএ খালেদ চৌধুরীসহ কয়েকজন নেতা দেখা করেন। এসময় তারা হলের মোট ৩৮ কোটি টাকার মধ্যে তিন শতাংশ ১ কোটি ১৪ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ছাত্রীদের জন্য আবাসিক শেখ হাসিনা হল নির্মাণের জন্য ১৩ কোটি ৭২ লক্ষ টাকা, জীব বিজ্ঞান অনুষদের জন্য ১২ কোটি ১৮ লক্ষ টাকা এবং জিমনেশিয়ামের জন্য ছয় কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক শাজাহান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসে এসে রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা হলের কাজ বন্ধ করে দেন। বরাদ্দকৃত অর্থ থেকে চবি ছাত্রলীগ তিন শতাংশ টাকা চাঁদা দাবি করে। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, হলের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।