বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (আইডিইবি) মিলনায়তনে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ শীর্ষক অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় এবং এ কাজে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিদানের লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করে বেসিস। অনুষ্ঠানে ৪টি পৃথক ক্যাটাগরিতে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৫টি সেরা আউটসোর্সিং কোম্পানি, ব্যক্তি পর্যায়ে ১৮টি, ৬৪টি জেলার ৬৪ জনকে জেলাভিত্তিক সেরা আউটসোর্সিং অ্যাওয়ার্ড এবং সেরা আউটসোর্সিংয়ের জন্য ৩ জন নারীকে প্রদান করা হয়। অ্যাওয়ার্ড বিজয়ীদের অনুপ্রাণিত করতে এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আরও অধিক হারে ব্যক্তি পর্যায়ে অথবা আইটি উদ্যোক্তা হিসেবে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বেসিস-এর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে বেসিস সভাপতি উল্লেখ করেন। আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও লিডসফট বাংলাদেশের সিআইও পাপিয়াস হাওলাদার। এ ছাড়া বেসিস ও বিসিএস-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং জুরিবোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
