অবশেষে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শীতল সরকার। দীর্ঘ ৩৮ বছর ধরে সংগ্রাম করছেন নির্বাচনে সাফল্যের জন্য। আর গত ৫ মে সাফল্যের দেখা মিলে ৬৪ বছর বয়স্ক শীতল সরকারের জীবনে। ময়মনসিংহ পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশ নেন ১৯৮১ সালে। প্রথম নির্বাচনে পাস করতে না পারলেও ভোটারদের ব্যাপক সাড়া পান তিনি। সেই সাহস নিয়ে পরবর্তী নির্বাচনেও অংশ নেন। কিন্তু অল্পের জন্য জয়ের দেখা পাননি। এভাবে চলে তার প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ। তবুও থেমে থাকেননি। নির্বাচনে পরাজয়ের পরদিনই মান-অভিমান ভুলে আবারো ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এভাবে চলে তার একে একে ছয় বার কমিশনার ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়া। ২০১১ সালে ময়মনসিংহ পৌরসভার সর্বশেষ নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে প্রাচীন এই পৌরসভাকে বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয় দেশের ১২তম সিটি করপোরেশন। ২০১১ সালে পরাজয়ের পর থেকে নতুন করে পথচলা শুরু করেন শীতল সরকারও। প্রস্তুতি নবগঠিত সিটি করপোরেশন নির্বাচনে অষ্টমবারের মতো অংশ নেওয়া। অবশেষে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ওয়ার্ডবাসীর কাছে হাজির হন শীতল বাবু। আর ৫ মে’র নির্বাচনে ২ হাজার ২৬১ ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। শীতল সরকার বলেন, আমি আমার কাজ দিয়ে ওয়ার্ডবাসীর ঋণ শোধ করব।
