মিষ্টি কিনতে গিয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নিহত

প্রতিবাদে বাসে আগুন

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:২২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাওর কলেজ গেট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়। তারা সকলে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান (১৮) সদর উপজেলার প্রবাসী আবু তাহেরের ছেলে। আহতরা হলেন, ঈদগাওর কালিরছরার নুরুল আলমের ছেলে শামীমুর রহমান, শামশুল আলমের ছেলে শামীমুল আলম রাহুল ও নুরুল আলমের ছেলে জয়নাল আবেদীন। আহতদের মধ্যে শামীমকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকালে এক মোটরসাইকেলে চার শিক্ষার্থী মিষ্টি কিনতে ঈদগাও বাস স্টেশনে যায়। মিষ্টি নিয়ে বাসায় ফেরার সময় কলেজ গেটে এলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস রং সাইডে এসে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। মোটরসাইকেল ও আরোহীসহ গাড়িটি সামনে বেশ কিছুদুর চলে আসে। এতে ঘটনাস্থলে মারা যায় ইমরান। স্থানীয়রা দ্রুত এসে বাসের নিচ থেকে মোটরসাকেল আরোহীদের বের করে ঈদগাঁও হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিত্সা শেষে সবাইকে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা এ সময় বাসস্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সনজিত জানান, দুর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। আগুনে পোড়া ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে পথচারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর এলাকায় গত সোমবার রাতে ঢাকা-নবাবগঞ্জগামী এন মলি­ক পরিবহনের একটি বাসের চাপায় রফিকুল ইসলাম (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। মডেল থানার এস আই আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম থানার মনুব্যাপারীর ঢাল এলাকার বাসিন্দা এবং মানসিক প্রতিবন্ধী।