চাঁদপুর শহরের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে ভেজাল, বিএসটিআই অনুমোদনহীন ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ম বহির্ভূত পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজাদ এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা ও প্রতিষ্ঠানের পরিচালক মোস্তফা কামাল খানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে শহরের বাসস্ট্যান্ড বিএসটিআই অনুমোদনবিহীন মিষ্টি ও দধি তৈরীর অপরাধে নিউ মুসলিম সুইটস্, রসের হাঁড়ি ও বিক্রমপুর সুইটসকে ৭ হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা, পালবাজার শাহ ট্রেডার্সে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, ওজনে কম দেয়ায় আকবর গাজীর মাংসের দোকানে ২ হাজার ও বাবুল শেখের মাংসের দোকানে ৪ হাজার টাকা, খুচরা মাছ ব্যবসায়ী জাহাঙ্গীরকে ৫শ’ টাকা জরিমানা আদায় করে। অপরদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন আজাদ এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেফ্রিজেটরে সংরক্ষণ, নিয়ম বহির্ভূতভাবে এক্স-রে মেশিন রাখায়, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা, মোজাম্মেল হকের স্বাক্ষর জাল করে ল্যাবরোটরির সকল রিপোর্টে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।
