নোয়াখালীর সেনবাগে অস্ত্রসহ সস্ত্রাসীকে পুলিশে ধরিয়ে দেয়া ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত রবিবার রাতে সন্ত্রাসীরা সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ নুরনবীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আবু বক্কর (৫০) নামে একজনকে আটক করেছে।
স্থানীয় লোকজন জানায়, গত দুই বছর আগে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের মোহাম্মদ দুলাল প্রকাশ রগকাটা দুলালকে বিপুল পরিমাণ অস্ত্র ও গাঁজাসহ পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনায় সে দীর্ঘদিন হাজতবাস করার পর সমপ্রতি জামিনে বের হয়ে এসে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার কথিত অভিযোগে সাবেক ইউপি মেম্বার নুরনবীকে দায়ী করে প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। এরপরই গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে (লাউতলী-৮নং ওয়ার্ড) সাবেক মেম্বার নুরনবী সেনবাগ উপজেলার নতুন বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে কুতুবেরহাট -লেমুয়া সড়কের করড়তলা বাচ্চু মাষ্টারের বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা রগটাকা দুলালের নেতৃত্বে ৮/১০জনের একদল তার উপর হামলা চালায়।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে ইত্তেফাককে বলেন-এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।
