ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, কংগ্রেস, মমতা যত গালাগালি করবেন, মানুষ ততই প্রধানমন্ত্রী মোদিকে ভালবাসবেন। আগামী ২৩ মে’র পর নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী হবেন। এরপর পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে দুটি জনসভায় দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন অমিত শাহ। মমতা ব্যানার্জির সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে উন্নয়নের ইস্যুতে ভোট হয়, কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গে ২৩টি আসনে জিততে চায়। ‘জয় শ্রীরাম’ স্লোগানে মমতা ব্যানার্জি কেন রেগে যাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অমিত শাহ।
এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপি নেতারা মুখে জয় শ্রীরাম বলেন, কিন্তু মন্দির বানাতে পারেন না। ভোটের সময় রামচন্দ্র বিজেপির নির্বাচনী এজেন্ট হয়ে যান। মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বের হবে না। বাঁকুড়ার রানিবাঁধে প্রচারণায় মমতা বলেন, দাঙ্গা লাগানো ছাড়া আর কোনো কাজ নেই বিজেপির। বিজেপির আমলে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে।
প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে পাঁচ ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। বলা হচ্ছে, ক্ষমতাসীন বিজেপির জন্য শেষ কয়েক ধাপের ভোটই আসল পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সালের নির্বাচনে সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশের ৮০টির মধ্যে ৭০টি বেশি আসনে জিতেছিল ক্ষমতাসীন বিজেপি জোট। কিন্তু এবার উত্তর প্রদেশের প্রভাবশালী দুই আঞ্চলিক দল জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিজেপি জোটের আসন কমার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে পশ্চিমবঙ্গসহ উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জোর দিচ্ছে বিজেপি। এরই ধারাবাহিকতায় বারবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ।
