নওগাঁর রাণিনগরের একমাত্র রেলস্টেশনটির সকল কার্যক্রম জনবলের অভাবে এক মাস যাবত্ বন্ধ হয়ে পড়ে আছে। ঐতিহ্যবাহী এই রেলস্টেশনটি ১৯২৫ খ্রিঃ ব্রিটিশ শাসনামলে স্থাপিত। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বিভিন্ন স্থানে যাওয়া ট্রেন যাত্রীদের। প্রায় এক দশক পূর্বে এই রুটে ২টি মেইল ট্রেন ও ৩টি লোকাল ট্রেন চলাচল করতো কিন্তু বর্তমানে ঢাকাগামী দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চলাচলের জন্য বর্তমানে শুধুমাত্র ২টি মেইল ট্রেন নিয়ম-অনিয়মে চলছে। এই স্টেশনে কোন আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় প্রতিদিন শত শত যাত্রীর অপেক্ষা করতে হয় এই ২টি মেইল ট্রেনের জন্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জোড়াতালি দিয়ে গত দু’বছর স্টেশনটি ৮ ঘণ্টা খোলা থাকত কিন্তু গত এক মাস যাবত্ কোন স্টেশন মাস্টার না থাকায় তা বর্তমানে সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। রেলওয়ে বিধি অনুসারে স্টেশনে ৩জন মাস্টার থাকার কথা থাকলেও বর্তমানে ১জনও নেই, ৫জন পয়েন্টম্যানের মধ্যে আছে ২ জন, পোর্টার ১জন থাকার কথা থাকলেও সেই পদ দীর্ঘদিন শূন্য, রানিনগর -আবাদপুকুর ব্যস্ত সড়কে একটি রেলগেটে ২জন গেটম্যানের মধ্যে রয়েছে ১জন যিনি দিনে ১০ ঘণ্টা ডিউটি করে আর বাকি সময় গেট খোলা অবস্থায় থাকার কারণে রাতের আঁধারে ট্রেনের সঙ্গে যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সুজিত কুমার বিশ্বাস মুঠোফোনে জানান, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জনবলের অভাবে ঈশ্বরদী বিভাগে মোট ৪১টি স্টেশন অকেজো হয়ে আছে। বর্তমানে নতুন করে জনবল নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আশা করা যায় অনেক স্টেশন সচল করা সম্ভব হবে। তিনি আরও জানান যে, অনেক স্টেশন বর্তমানে চুক্তি ভিত্তিক মাস্টার দিয়ে সচল রাখা হয়েছে।
